বুধবার, ৭ অক্টোবর ২০২৬ Breaking News
‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’

‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’

৮ মার্চ ২০২৬ · বিনোদন

বিশ্বজুড়ে আজ ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারী শ্রমিকদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাস থেকে উঠে এসেছে এই দিনটি। নারীর অবদান, অধিকার ও সমতার প্রশ্নকে সামনে আনার লক্ষ্যেই দিবসটি উদযাপন করা হয়।

বিশেষ এই দিনটিকে ঘিরে সামাজিকমাধ্যমে একটি পোস্ট করেন মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। পোস্টে একটি ভিডিও যুক্ত করেন তিনি।

সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী বলেন, একজন নারী কেন এটা করল, কেন ওটা করল, কেন এমন পোশাক পরল বা কেন এমন সিদ্ধান্ত নিল- নারীদের প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হয়ে আসা উচিত।

ফারিয়ার ভাষায়, আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্য জন্মেছি? প্রতিটি পদক্ষেপের জবাবদিহি করতেই হবে?

নুসরাত ফারিয়া আরো বলেন, মানুষের যেমন স্বপ্ন আছে, মতামত আছে, তেমনি আছে স্বাধীনতা ও নিজের মতো করে বাঁচার অধিকার। তাই নারী দিবসে তার বার্তা, আমাদের শুধু নিজের মতো থাকতে দিন, তাহলেই চলবে।

তিনি মনে করেন, অধিকার লিঙ্গভিত্তিক হওয়া উচিত নয়। নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের সমান অধিকার ও স্বাধীনতা থাকা প্রয়োজন।